যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি (এস২-এজেওয়াই) মেরামতের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল ইতালিতে পৌঁছেছে। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে (রোমের স্থানীয় সময় ১৯:১৬ ঘণ্টা) রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে গত শুক্রবার ফ্লাইটটি নির্ধারিত রিফুয়েলিংয়ের জন্য রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর কারিগরি ত্রুটির কারণে সেখানে আটকে যায়। এতে বিপাকে পড়েন আড়াই শতাধিক যাত্রী।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোমে বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের আটকে থাকা উড়োজাহাজটি দ্রুত চলাচলের উপযোগী করতে এ উদ্যোগ নেওয়া হয়। ঢাকা থেকে প্রকৌশলী দল ও খুচরা যন্ত্রাংশ বহনকারী বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার স্থানীয় সময় বেলা ১টা ৫৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে রওনা হয়।
রোমে অবতরণের পর বিমানটির কারিগরি কাজ শুরু হয়েছে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। প্রকৌশলী দল ত্রুটি নিরসনের কাজ সম্পন্ন করার পরপরই উড়োজাহাজটি পুনরায় চলাচলের উপযোগী হবে। রোববার নাগাদ রোমে আটকে পড়া যাত্রীরা দেশে ফিরতে পারবেন।


