রাজধানীর গাবতলীর দীপনগর মাছের আড়তের পাশে মাছবাহী ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় গাড়িচালক মো. ফারুক হোসেন (৪০) আহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরানের মামাতো ভাই দেলোয়ার হোসেন সবুজ জানান, তাদের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। ইমরানের বাবার নাম সারোয়ার মোল্লা। তারা দীপনগরে একটি রেফ্রিজারেটরের দোকানে কাজ করতেন।
সবুজ আরও বলেন, দীপনগর এলাকায় রেফ্রিজারেটরের দোকানের সামনে মাছ বহনকারী ফ্রিজিং গাড়ি মেরামত করে গ্যাস ভরার কাজ চলছিল। এ সময় হঠাৎ করে সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে ইমরান ও ফারুক হোসেন গুরুতর আহত হন। এরপর তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি দারুস সালাম থানায় অবগত করা হয়েছে।


