বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুর ১২টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
দলের ভেতর থেকে না বাইরে থেকে রাষ্ট্রপতি হবেন, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি মির্জা ফখরুল। এমনকি রাষ্ট্রপতি হিসেবে তার নাম শোনা যাচ্ছে এবং তিনি আগ্রহী কি না, এ প্রশ্নের জবাবেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বার্ষিক পরিকল্পনা সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরী সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জি এম সিরাজ, মোশারফ হোসেন ও সুরাইয়া জেরিন রনি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রফিকুল মোহামেদ ও পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আবদুল মজিদ প্রামানিক।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।


