মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল হক(৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও দুইজন কৃষক।
বৃহস্পতিবার দুপুরে ধর্মচাকী বোরিং মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সাহারুল ইসলাম ও সাইফুল ইসলাম। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তারা সবাই ধর্মচাকী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নুরুল হক, সাহারুল ও সাইফুল তিনজন ধর্মচাকী বোরিং মাঠে একটি বৈদ্যুতিক সেচ পাম্পের পাশে কাজ করছিলেন। কাজ শেষে তারা হাত ধোয়ার জন্য সেচ পাম্পের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মাঠের লোকজন তাদেরকে উদ্ধার করে।
এদের মধ্যে নুরুল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত নুরুল হক হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


