পবিত্র মহররম ১৪৪৮ হিজরি উপলক্ষে ‘কারবালার শিক্ষা: ন্যায়, ত্যাগ ও মানবতা’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার, ডিজিটাল কনটেন্ট ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তৃতীয় একাডেমিক ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘আল্লাহ পৃথিবীতে মানবজাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং এই মানবজাতির পথপ্রদর্শক হিসেবে তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদকে (সা.) পাঠিয়েছেন।’
তাই নবীর দেখানো পথে কারবালার চেতনা ধারণ করে ন্যায়, সত্য, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে তিনি জ্ঞানচর্চা, গবেষণা ও নৈতিক শিক্ষার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইন। তিনি বলেন, ‘কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়; এটি সত্য, ন্যায়, আত্মত্যাগ এবং মানবমুক্তির এক অনন্য শিক্ষা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কারবালার আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক।’
তিনি তরুণদের ইসলামের প্রকৃত শিক্ষা, সহনশীলতা ও মানবকল্যাণের আদর্শ ধারণ করে সমাজ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শেখ মো. ইমতিয়াজ।
সেমিনারে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক মোহাম্মদ হাদিফুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাভাবিপ্রবি’র বিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার এম এ আজান সোবহানী আল ভাসানী।
এ উপলক্ষে ‘কারবালা থেকে গাজা: জুলুমের বিরুদ্ধে আপসহীনতা’ বিষয়ক ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা এবং ‘কারবালা থেকে গাজা: ইতিহাস ও মূল্যবোধ’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, শর্ট ভিডিও, প্রেজেন্টেশন, ইনফোগ্রাফিক ও ডকুমেন্টারি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ইসলামী বইসহ আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


