জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসাম্মৎ শামসুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। মৃত শামসুন্নাহার ওই গ্রামের মৃত আরজাহানের স্ত্রী।
শাসুন্নাহারের স্বজনেরা জানান, শুক্রবার রাতে শামসুন্নাহারের নিজ বসতঘরে ধর্মীয় তালিমের (মহিলা তালিম) আয়োজন করা হয়েছিল। তালিম শেষে আমন্ত্রিত অতিথিরা নিজ নিজ বাড়িতে চলে যান। রাত সাড়ে ১২টার পর থেকে সকাল ৮টা ২০ মিনিটের মধ্যবর্তী কোনো এক সময়ে বাড়ির বাইরের একটি বৈদ্যুতিক বাতির ঝুলে থাকা তার গোছাতে যান শামসুন্নাহার। এ সময় অসাবধানতাবশত খোলা বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সকালে স্বজনেরা তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


