ভুটানে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। রোববার রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
রোববার রাতে সংঘটিত এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভুটানের পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখা থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ঢাকা থেকে এই উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৪৩২ কিলোমিটার।
বাংলাদেশ ছাড়াও ভারত, চীন ও নেপালের বিস্তীর্ণ অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হওয়ার খবর নিশ্চিত করেছে অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম।
দেশের ভেতরে বিশেষ করে রংপুর, বগুড়া, গাইবান্ধা, কুষ্টিয়া, নীলফামারী, সিরাজগঞ্জ ও শেরপুরসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে ঝাঁকুনি বেশি টের পাওয়া গেছে।
গভীর রাতে আকস্মিক এই কম্পনে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


