নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

যশোরের বেনাপোল সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার সকালে যশোরের বেনাপোলের সাদীপুর সীমান্ত পরিদর্শনে এসেছিলেন তিনি। হামলায় চারজন আহত হয়েছেন বলে ফেসবুকে দাবি করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে পুলিশ বলছে, কোনো হামলার ঘটনা ঘটেনি।

পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। চারজন আহত। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি।’

তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তাদের অবস্থান অবিচল থাকবে।

আরও পড়ুন

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীমান্ত এলাকা পরিদর্শন শেষে মূল রাস্তায় ওঠার পর আমাদের দুটি গাড়িতে ইট নিক্ষেপ করা হয়। এতে একটি গাড়ির পেছনের কাচ ভেঙে দুইজন আহত হয়েছেন।’

ওই গাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারী ছিলেন বলে জানান তিনি। এ ঘটনায় ছাত্রশক্তির যশোর জেলা আহ্বায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত আহত হয়েছেন।

জুয়েলের দাবি, ‘স্থানীয় বিএনপি নেতারা পরিস্থিতি ঘোলাটে করার জন্য এই হামলা চালিয়েছে।’ আইনি পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এখনই কোনো আইনি পদক্ষেপ নিচ্ছি না। পরবর্তী সময় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, হামলার বিষয়টি অস্বীকার করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘এনসিপি নেতাদের গাড়িবহরে কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে সাদীপুর মোড়ে গাড়ি উঠলে বহরের শেষের গাড়িতে একটি ইট ছোড়ার ঘটনা ঘটেছে শুনেছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad