মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী আটক

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী আটক
মাদককারবারীকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী আটক
Advertisement
Advertisement

কুষ্টিয়ার মিরপুর থানায় মাদকসহ আটক হওয়া এক আসামিকে ছাড়ানোর জন্য তদবির করতে গিয়ে ফেঁসে গেছেন বিএনপি জামায়াতের পাঁচ নেতাকর্মী।

শনিবার রাতে সদরপুর ইউনিয়নের এক বিএনপি নেতা ও জামায়াতের চার নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর থানার আমলা ক্যাম্পের এসআই রকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল সদরপুর ইউনিয়নের টেকনিক্যাল কলেজ সড়ক এলাকায় অভিযান চালায়। অভিযানে নওদা আজমপুর গ্রামের রমজান আলীর ছেলে রবিউলকে ৮ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে মিরপুর থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।

মাদকসহ রবিউল গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে নিতে স্থানীয় জামায়াত-বিএনপির পাঁচ নেতাকর্মী মিরপুর থানায় উপস্থিত হন। তারা হলেন-সদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বিএনপি নেতা এনামুল হক এবং স্থানীয় জামায়াতের কর্মী সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম।

থানা পুলিশ জানায়, আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তারা দায়িত্বরত কর্মকর্তাদের ওপর দফায় দফায় চাপ সৃষ্টি করেন। পুলিশ বারবার নিষেধ করা সত্ত্বেও তারা মাদক ব্যবসায়ীকে মুক্ত করার দাবিতে অনড় থাকেন। একপর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদবির করতে আসা ওই পাঁচজনকেই আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় তিনি আরও বলেন, মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তারা অনৈতিকভাবে তদবির করছিলেন। এতে প্রতীয়মান হয় যে, তারা হয় এই মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত, অথবা তারা মাদক ব্যবসায়ীদের উৎসাহ দেন। এ কারণেই তাদের হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোববার সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় আটক পাঁচ নেতাকর্মী ও মাদক কারবারি মিরপুর থানা পুলিশ হেফাজতেই ছিলেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর