দুই দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে।
এতে সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বেড়ে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।
বুধবার সকাল সোয়া ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুসের নির্ধারিত নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে, সোম ও মঙ্গলবার দুই দফায় সোনার দাম কমানো হয়েছিল। গত ৩০ এপ্রিল বাড়ানোর পর দুই দফায় সোনার দাম কমানোর পর তা আবার বাড়ানো হল।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
সোনার দামের সঙ্গে সঙ্গে দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।


