ঈদ উপলক্ষ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। ট্রেনে এবার অনেকটাই স্বস্তিতে ঈদ যাত্রা করতে পারছেন যাত্রীরা। এ দিন কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে সুশৃঙ্খলভাবে ট্রেনে আসন নিয়ে যাত্রীরা ফিরছেন স্বজনের কাছে। আগাম টিকিটে নিজ নিজ আসনে বসে যাত্রা করতে পেরে খুশি তারা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ভোগান্তি লাঘবের পাশাপাশি কালোবাজারী রুখতে এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আগেই দেওয়া হয়েছে, ঈদ যাত্রার আগাম টিকিট। এখন দেওয়া হচ্ছে ফিরতি ঈদ যাত্রার অগ্রিম টিকিট।
ঈদ যাত্রার ও ফিরতি ঈদ যাত্রার টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন একেকটি যাত্রায় সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারছেন।
মঙ্গলবার সকাল ৮টায় অনলাইনে এ টিকিট বিক্রি শুরু হয়। যারা ঈদ পরবর্তী ১৩ জুন ভ্রমণ করতে চাচ্ছেন তারা এদিন টিকিট কাটতে পারছেন।
রেলওয়ে জানিয়েছে, ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
মঙ্গলবার সকাল ৮ টায় বিক্রি হয় পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের আগাম টিকিট।
ঈদের চাপ সামাল দিতে এ দিন থেকে দেশের অভ্যান্তরে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের কর্মকর্তা-কর্মচারির সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে।


