আগামী বছর ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন হতে পারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।
এছাড়া আগামী ১১ ডিসেম্বরের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলেও জানিয়েছেন এই নির্বাচন কমিশনার।
এর আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
এবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের কারণে ভোটগ্রহণের সময়সীমাও এক ঘণ্টা বাড়ানো হতে পারে বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার। বর্তমানে ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। নির্বাচন কমিশন এবার ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টায় শুরু করে বিকাল সাড়ে ৪টায় শেষ করার কথা ভাবছে। পাশাপাশি প্রতিটি ভোটকক্ষে ভোটগ্রহণ বুথও বাড়তে পারে।
এদিকে আগামী ৭ ডিসেম্বর বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এই বৈঠকেই তফসিল ঘোষণা ও ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।


