চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩ মাসে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী ২৩১ শিশু নিহত হয়েছে।
সেবা বাংলাদেশ ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এতথ্য উঠে এসেছে। ১টি জাতীয় দৈনিক, ১৩টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালক বা হেলপার হিসেবে নিহত হয়েছে ১১৩ শিশু, যা মোট সংখ্যার ৪৮ দশমিক ৯১ শতাংশ এবং পথচারী হিসেবে বিভিন্ন যানবাহনের চাপা বা ধাক্কায় নিহত হয়েছে ১১৮ শিশু, সংখ্যার হিসাবে যা ৯১ দশমিক ০৮ শতাংশ।
শিশু নিহতের সংখ্যার সড়কের ধরন সেবা ফাউন্ডেশন বলেছে, এই সময়ে মহাসড়কে ৫২ শিশু (২২ দশমিক ৫১ শতাংশ), আঞ্চলিক সড়কে ৮৫ শিশু (৩৬ দশমিক ৭৯ শতাংশ), গ্রামীণ সড়কে ৫৬ শিশু (২৪ দশমিক ২৪ শতাংশ) এবং শহরের সড়কে ৩৮ শিশু (১৬ দশমিক ৪৫ শতাংশ) নিহত হয়েছে।
নিহত শিশুদের মধ্যে ১ মাস থেকে ৫ বছর বয়সী ৪১ জন (১৭ দশমিক ৭৪ শতাংশ), ৬ বছর থেকে ১২ বছর বয়সী শিশু ৮৬ জন (৩৭ দশমিক ২২ শতাংশ) এবং ১৩ বছর থেকে ১৭ বছর বয়সী শিশু নিহত হয়েছে ১০৪ জন (৪৫ দশমিক ০২ শতাংশ)।
এত এত সড়ক দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করতে গিয়ে তারা দায়ী করেছে, দেশের সড়ক ও সড়ক পরিবহন শিশুবান্ধব না হওয়া, সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতার অভাব, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক ব্যবহার সম্পর্কে পরামর্শ ও প্রশিক্ষণ না দেওয়া, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে যানবাহন চালানো ইত্যাদিকে।


