জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে তার আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখা গেছে। তাই এবার রক্ত নয় সিল দিয়ে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতল মোড়ে চট্টগ্রাম ৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী জোবায়রুল আরিফের পক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে আগামী ১২ ফেব্রুয়ারি আরেকটি ক্রান্তিকাল হিসেবে এসেছে। ৫ আগস্ট যেমন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমন আরেকটি সুযোগ এসেছে। মার্কা নয় বরং কোন জোট এই দেশের মানুষের মুক্তি এনে দিতে পারবে, আমরা তাদেরকেই ভোট দেব।’
তিনি বলেন, ‘এবার রক্ত নয় বরং সিল দিয়ে আমাদের পরিবর্তন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আগে গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখেছি। এই নিপীড়ক ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথ নয় বরং সিল দিতে হবে।’
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘একটি রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে। কিন্তু যখন সংস্কারের সুযোগ এসেছে তখনই তারা চুপসে গেছে। ১১ দলীয় জোট এবং হ্যাঁ ভোটকে বিজয়ী করে সংস্কারের পক্ষে রায় দিবেন। ফ্যাসিবাদী পরাজিত শক্তি এবং নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে। ১১ জোটকে নির্বাচিত করে ফ্যাসিবাদী শক্তির ঐক্যকে নস্যাৎ করবেন।’
এসময় জোবায়রুল আরিফ বলেন, ‘একটা দল বিভিন্ন কার্ডের কথা আপনাদের বলছে। কিন্তু গত ১৬ মাসে চাঁদাবাজি, দখলবাজি খুন ছিনতাই করে তারা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তারা আপনাদের কার্ড দেওয়ার কথা বলে নিজেরাই খেয়ে ফেলবে। সংস্কার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখতে চাইলে ১১ দলীয় ঐক্য জোট ও হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’


