বয়স ১৬ হলেই নাগরিকদের নিবন্ধন তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি), যার মাধ্যমে তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে পারবেন। আর ১৮ বছর বয়স পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। এর মাধ্যমে আমরা কিছু অগ্রিম তথ্য সংগ্রহ করতে পারব এবং তারা এনআইডি পাবেন।’
মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব এই তথ্য জানিয়েছেন।
জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, ‘অনেক কাজে এনআইডি লাগে, যেমন বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের, ব্যাংক অ্যাকাউন্ট খোলার, বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার ক্ষেত্রে ইত্যাদি। এসব কারণে এনআইডি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে।’
এদিকে, প্রবাসী ভোট প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দেবেন। এই জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। তবে তারা কতদিন আগে রেজিস্ট্রেশন করবেন, সেই বিষয়ে আমরা আপনাদের আপডেট দেব, যাতে প্রবাসীরা যথাযথ তথ্য পেতে পারেন।’
তিনি আরও বলেন, ‘প্রবাসী ভোটিংয়ের জন্য আমরা দুটি প্ল্যাটফর্ম তৈরি করছি। একটিটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং অন্যটি দেশের অভ্যন্তরে নির্বাচন কাজে সংশ্লিষ্ট আইনপ্রণয়নকারী বা হেফাজতে থাকা নাগরিকদের জন্য। ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেম চালু করা হবে, এবং এর জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে।’
রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব বলেন, ‘২২টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের যাচাই সম্পন্ন হয়েছে এবং সেই তথ্য আমাদের কাছে এসেছে। বুধবারের মধ্যে এই তথ্যগুলো সম্পূর্ণ করে কমিশনে জমা দেওয়া হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনই নেবে।’
দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে তিনি বলেন, ‘প্রতীক সংক্রান্ত একটি বিধিমালার সংশোধন প্রস্তাব আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ে অপেক্ষমাণ রয়েছে। আমরা আশা করছি এটি দ্রুত আসবে। কারণ, রাজনৈতিক দলের নিবন্ধনের সঙ্গে প্রতীকের সম্পর্ক রয়েছে।’


