ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের চিকিৎসা, প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে ল্যাবরেটরি মিলনায়তনে এই সেমিনারটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের পরিচালক এম মাসুদ রহমান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য ও ইসলামী ব্যাংকের পরিচালক মো. আব্দুস সালাম এবং মো. এস এম আব্দুল হামিদ।
ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনের ভারপ্রাপ্ত পরিচালক এ এ এম কামার উদ্দিন মোযাক্কিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের জিএম মো. ফাইজুল কবির, ডিজিএম মো. জসিম উদ্দীন এবং এজিএম কবীর উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, মিরপুর, মুগদা এবং ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক মিরপুর শাখার সুপারিনটেনডেন্টগণ অংশগ্রহণ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ আহমদ মোরতুজা চৌধুরী। তিনি হাম রোগের লক্ষণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি, সম্ভাব্য জটিলতা এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে শিশুদের হামের ঝুঁকি থেকে মুক্ত রাখতে সরকারের নিয়মিত টিকাদান কর্মসূচির গুরুত্ব ও অপরিহার্যতা তিনি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এম মাসুদ রহমান বলেন, সুস্থ জাতি গঠনে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


