হবিগঞ্জে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ‘কিশোর গ্যাংয়ের’ তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
শহরের মোহনপুর বাইপাস সড়কে রোববার রাত সাড়ে ৮টায় অস্ত্র নিয়ে মহড়া দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
পরে ঘটনাস্থল থেকে মাছুলিয়া গ্রামের রাকিব, অনন্তপুরের রাহিম ও উমেদনগর গ্রামের নুর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রোববার তারাবির নামাজের সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই গ্রুপে বিভক্ত হয়ে শহরের মোহনপুর বাইপাস সড়কে অস্ত্র নিয়ে মহড়া দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) শহীদুল হক মুন্সি ও হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ তিনজনকে আটক করে, অন্যান্যরা পালিয়ে যায়।
মোহন এলাকার বাসিন্দা সাদিয়া আক্তার বলেন, ‘তারাবির নামাজের সময় দুই দল কিশোর মারামারিতে লিপ্ত হয়। সাধারণ মানুষ তখন ভয়ে ছোটাছুটি করছিলেন। পরে শুনলাম তাদের পুলিশ আটক করেছে।’
তিনকোনা পুকুর পাড় এলাকার ব্যবসায়ী জাকারিয়া বলেন, ‘গত কয়েকদিন ধরে শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত দেখা যাচ্ছে। প্রকাশে তারা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এখনই তাদের গ্রেপ্তার করা না হলে, তারা চাঁদাবাজিসহ বড় ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হবে।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করছে পুলিশ। তাদেরকে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের তথ্য সংগ্রহের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের রাজনগর, মহিলা কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি কিশোর দল ধারালো চাপাতি ও চায়নিজ কুড়াল নিয়ে মহড়া দেয়। এক পর্যায়ে তারা অস্ত্র নিয়ে ভিডিও ধারণ করে। এমন ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী ও শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবী নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। ১৫ থেকে ২০ বছর বয়সী এসব কিশোরের এমন ভয়াবহ দৌরাত্ম্যে ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
তার আগে, ২৪ ফেব্রুয়ারিও শহরতলীর ধুলিয়াখালের বিসিক শিল্পনগরী এলাকায় ১০ থেকে ১২ সদস্যের একটি কিশোর গ্যাং মোটরসাইকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় তারা ইজিবাইক থেকে এক ব্যক্তি ও তার ছেলেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে। এতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে চলাচলরত সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত ব্যক্তি পরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন।


