হন্ডুরাসের ‘বিতর্কিত’ নির্বাচনে জয়লাভ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট প্রার্থী নাসরি আসফুরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের তিন সপ্তাহেরও বেশি সময়পর বুধবার ফল ঘোষণা করা হয়।
হন্ডুরাসের ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল (সিএনই) জানিয়েছে, মোট ভোটের ৪০ দশমিক ৩ শতাংশ পেয়েছেন আসফুরা।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল পার্টির প্রার্থী সালভাদোর নাসরাল্লার ভাগ্যে জুটেছে ৩৯ দশমিক ৫ শতাংশ ভোট।
ফল নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আসফুরা বলেন, ‘হন্ডুরাস, আমি শাসন করার জন্য প্রস্তুত। আমি আপনাদের হতাশ করব না।’
আগামী ২৭ জানুয়ারি ২০২৬-২০৩০ মেয়াদের জন্য ক্ষমতা নেবেন তিনি।
অন্যদিকে সালভাদোর নাসরাল্লা ফলাফল প্রত্যাখ্যান করেছেন।
তার অভিযোগ, যেসব ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে। তবে তিনি তার সমর্থকদের শান্ত থাকার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতায় না জড়ানোর আহ্বান জানান।
নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ৬৭ বছর বয়সী রাজনীতিক ও ব্যবসায়ী আসফুরার প্রতি সমর্থন জানিয়েছিলেন। হন্ডুরাসের জনগণকে আফসুরার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আফসুরা না জিতলে হন্ডুরাসকে আর্থিক সহায়তা বন্ধ করে দেবেন বলেও হুমকি দেন ট্রাম্প।
একই সঙ্গে তিনি আসফুরার ন্যাশনাল পার্টির সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দেন। যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে ৪৫ বছরের সাজা ভোগ করছিলেন হন্ডুরাসের এই সাবেক প্রেসিডেন্ট।
১৯৫৮ সালের ৮ জুন তেগুসিগালপায় ফিলিস্তিনি বংশোদ্ভূত এক পরিবারে নাসরি আসফুরার জন্ম। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শুরু করলেও শেষ করেননি।
১৯৯০-এর দশকে তিনি বিভিন্ন সিটি প্রশাসনে কাজ করেন এবং দক্ষ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন।
তিনি কংগ্রেস সদস্য এবং সামাজিক বিনিয়োগমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে তেগুসিগালপা ও আশপাশের জেলার মেয়র নির্বাচিত হন তিনি।


