‘এক-এগারোর’ আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর মডেল থানায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় তাকে নতুন করে রিমান্ডে নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এই আদেশ দেন। তৃতীয় দফায় এই মামলায় ১১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুনরায় ৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিকে ঘটনার বিষয়ে ভিন্ন ভিন্ন আঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্ত কাজে সহায়ক হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে। এ অবস্থায়, আসামির দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করতে আসামি জেনারেল মাসুদ উদ্দিনকে আবার ৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয়। আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুঁড়তে থাকে। এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়। পরদিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর একাধিক মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়।


