হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মুন্সিগঞ্জ কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনিকে। সোমবার সকালে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
সেখানে পরীক্ষা-নিরিক্ষা ও প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে সাবেক এই মন্ত্রীকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনি। এরপর কারারক্ষীরা কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে আবার কারাগারে নিয়ে যান।
দীপু মনি আওয়ামী লীগ সরকারের সময়ে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ ৩৮টিরও বেশি মামলা রয়েছে।


