ইসরায়েলি হামলায় লেবাননে ৩ সাংবাদিক নিহত
ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
লেবাননের সামরিক সূত্রের বরাতে এএফপি জানায়, নিহতদের মধ্যে রয়েছেন লেবানন ভিত্তিক টেলিভিশন আল মানারের সাংবাদিক আলী শোয়াইব এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহপন্থী আল মায়াদিন চ্যানেলের সাংবাদিক ফাতিমা ফাতুনি। একই ঘটনায় নিহত হয়েছেন ফাতুনির ভাই, যিনি চিত্রগ্রাহক ছিলেন।
আল মায়াদিন ও আল মানার কর্তৃপক্ষ তাদের সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আলী শোয়াইব আল মানারের যুদ্ধবিষয়ক একজন অভিজ্ঞ সংবাদদাতা ছিলেন এবং দীর্ঘ সময় ধরে লেবাননে ইসরায়েলি হামলার সংবাদ কভার করেছেন।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা শোয়াইবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, তিনি হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর গোয়েন্দা ইউনিটের সদস্য ছিলেন।
লেবাননে ২ মার্চ থেকে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির দাবি, হিজবুল্লাহর বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এসব হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের প্রাণহানির ঘটনাও ঘটছে।
অন্যদিকে, হিজবুল্লাহও ইসরায়েলের দিকে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
সূত্র: আল জাজিরা
ইরানে উন্নত শাহেদ ‘ড্রোন পাঠাচ্ছে’ রাশিয়া
ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া–এমন অভিযোগ করেছে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। এ সপ্তাহে বার্তা সংস্থা এপিকে তারা এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তাদের মতে, ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে আসছিল রাশিয়া। তবে এসব ড্রোনে জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নেভিগেশন, উন্নত জ্যামার-প্রতিরোধী ব্যবস্থা এবং স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করা হয়েছে। এই উন্নত সংস্করণই এখন তেহরানে পাঠানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে।
ইউরোপীয় কর্মকর্তারা ধারণা করছেন, আজারবাইজান হয়ে মানবিক সহায়তার আড়ালে ট্রাকে করে এসব ড্রোন পরিবহন করা হচ্ছে। তবে চালানের পরিমাণ বা এটি এককালীন নাকি ধারাবাহিক সরবরাহের অংশ–সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ অভিযোগ অস্বীকার করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এটিকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছেন।
অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, অন্য কোনো দেশ ইরানকে যা-ই সরবরাহ করুক না কেন, তা তাদের অভিযানের সাফল্যে প্রভাব ফেলবে না।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান।
বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার উন্নত এই ড্রোন ইরানের হাতে গেলে মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
সূত্র: এপি
‘হিজবুল্লাহর ৪ শতাধিক যোদ্ধা নিহত’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে শুরু হওয়া নতুন সংঘাতে লেবাননের ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চার শতাধিক যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিজেদের হতাহতের হিসাব সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।
গত ২ মার্চ আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে প্রথম দফা রকেট নিক্ষেপ করার পর এই সংঘাতের শুরু ঘটে।
লেবাননে ইসরায়েলের সম্প্রসারিত আকাশ হামলা ও স্থল অভিযানে হিজবুল্লাহর মোট হতাহতের সংখ্যা সম্পর্কে এতদিন স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। গোষ্ঠীটি আলাদাভাবে কয়েকজন যোদ্ধার মৃত্যুর তথ্য দিলেও মোট সংখ্যা প্রকাশ করেনি।
এর আগে, ২০২৩-২৪ সালে ইসরায়েলের সঙ্গে সংঘাতে হিজবুল্লাহ নিয়মিতভাবে হতাহতের তথ্য প্রকাশ করত। ওই সময় প্রায় ৫ হাজার যোদ্ধা নিহত হয়েছিল বলে জানা যায়।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননে সাম্প্রতিক চার সপ্তাহের যুদ্ধে হিজবুল্লাহর অন্তত ৭০০ সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে বিশেষ ইউনিট ‘রাদওয়ান বাহিনী’র কয়েকশ সদস্যও রয়েছে বলে দাবি করা হয়।
শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় দেশটিতে এখন পর্যন্ত এক হাজার ১৪২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১২২ শিশু, ৮৩ নারী এবং ৪২ জন চিকিৎসাকর্মী রয়েছেন। তবে এদের মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক, তা স্পষ্ট করা হয়নি।
একই দিন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে অভিযানের সময় তাদের এক সেনা ও এক কমব্যাট কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
এর আগে, দক্ষিণ লেবাননে যুদ্ধে চার সেনা নিহত হওয়ার কথাও স্বীকার করে তেল আবিব।
শান্তি প্রচেষ্টায় শাহবাজের উদ্যোগের প্রশংসা ইরানের প্রেসিডেন্টের
যুদ্ধ থামাতে এবং আলোচনার পথ সুগম করতে ‘আস্থা তৈরি’র ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ঘণ্টাব্যাপী এক ফোনালাপে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে শাহবাজ শরিফের ‘আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার’ প্রশংসা করেন পেজেশকিয়ান।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আলোচনা ও মধ্যস্থতা সহজতর করার জন্য পারস্পরিক আস্থা তৈরি করা জরুরি।’ শান্তি রক্ষায় পাকিস্তানের সহযোগিতামূলক ভূমিকার জন্য তিনি শাহবাজকে ধন্যবাদ জানান।
জবাবে প্রধানমন্ত্রী শাহবাজ ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান তার গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।
এর আগে, ফোনালাপে শাহবাজ শরিফ ইরানের বেসামরিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং এতে ১ হাজার ৯০০-এর বেশি মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন।
লেবাননে ইসরায়েলি হামলায় ৫ প্যারামেডিক নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন প্যারামেডিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়, লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইসলামিক মেসেজ স্কাউটস অ্যাসোসিয়েশন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
সংস্থাটি জানিয়েছে, নিহতরা হলেন আদেল আতেফ কাদ্দুহ, হুসেইন আলি দারউইশ, হাসান মুসা নূর এল-দীন, আলি হাসান জাহহা এবং ইব্রাহিম জাহের আবু জেইদ।
এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের জাওতার আল-ঘারবিয়াহ এলাকায় হামলার সময় তারা মানবিক দায়িত্ব পালন করছিলেন। হামলায় তারা ঘটনাস্থলেই নিহত হন।
ইরান যুদ্ধ আরও মাসখানেক চলতে পারে: মার্কো রুবিও
দুই থেকে চার সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
স্থানীয় সময় শুক্রবার জি-৭ জোটের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একান্ত আলোচনায় এ কথা বলেন তিনি। রুবিও ওই বৈঠকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে নিজের ব্যক্তিগত পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট দুটি সূত্র।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
সূত্রগুলোর মতে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। বরং আরও কয়েক সপ্তাহ সংঘাত চলতে পারে বলে ধারণা করছেন মার্কিন কূটনীতিকরা।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি-৭ অংশীদার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে যৌথ নিরাপত্তা উদ্বেগ এবং সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।
বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতার প্রতি বিদ্যমান হুমকি।
তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডাকে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি ইউক্রেনে সহায়তা বৃদ্ধি এবং রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ নিয়েও বৈঠকে আলোচনা হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘আমাদের জ্বালানির খুব সামান্য অংশ হরমুজ প্রণালি থেকে আসে। কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অন্য দেশগুলোকেও এ বিষয়ে এগিয়ে আসতে হবে।’
ইউরোপের কিছু নেতার মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘কিছু ইউরোপীয় নেতা বলেছেন, এটি ইউরোপের যুদ্ধ নয়। কিন্তু ইউক্রেনও তো আমেরিকার যুদ্ধ নয়, তবুও আমরা বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি সহায়তা দিয়েছি।’
ইন্টারনেট ছাড়া এক মাস পার করল ইরান
টানা এক মাস ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরান। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকসের তথ্যানুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানজুড়ে হঠাৎ করে বৈশ্বিক ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর টানা চার সপ্তাহ বা ৬৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সংযোগ চালু করেনি দেশটির সরকার।
মূলত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন সরকারি, সামরিক ও পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর উদ্ভুত যুদ্ধ পরিস্থিতির কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশজুড়ে এই ইন্টারনেট অবরোধ দিয়েছে ইরান কর্তৃপক্ষ।

নেটব্লকসের মতে, এই দীর্ঘমেয়াদি ইন্টারনেট বন্ধ রাখা ইরানের নাগরিকদের যোগাযোগের অধিকার এবং তথ্য পাওয়ার অধিকারের স্পষ্ট লঙ্ঘন। তারা কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকি বিভিন্ন দেশে অবস্থানরত দেশটির প্রবাসী নাগরিকরাও ইরানে থাকা নিজেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
শুধু তাই নয়, ইন্টারনেট না থাকার কারণে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা বা জরুরি পরিস্থিতি সম্পর্কেও সময়মতো জনগণকে সতর্ক করা যাচ্ছে না, যা নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
সূত্র: আল জাজিরা
কুয়েতে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১১৮ ডলার
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে বিশ্বের অস্থির তেলের বাজারের প্রভাব পড়েছে কুয়েতের তেল বাজারে। ৮ দশমিক ১০ ডলার বেড়ে প্রতি ব্যারেল কুয়েতি তেলের দাম দাঁড়িয়েছে ১১৮ দশমিক ৯৩ ডলারে।
স্বল্প সময়ের ব্যবধানে হুট করেই এই দাম বাড়ানোয় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
যুদ্ধের জেরে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রায় অচল হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তেলের ওপর বিশ্বের নির্ভরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তবে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ নিশ্চিত করতে এখনও বেশিরভাগ দেশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সরাসরি জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অচলাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের সম্ভাব্য হামলা বা হুমকির কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের
ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় বিমান হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার পরিচালিত এসব হামলায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে সংস্থাটি।
আইডিএফের বিবৃতিতে বলা হয়, মধ্য ইরানের আরাক অঞ্চলে অবস্থিত হেভি ওয়াটার প্ল্যান্টে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইয়াজদ অঞ্চলে থাকা একটি ইউরেনিয়াম উত্তোলন কারখানাতেও আঘাত হানা হয়েছে।
বিবৃতি অনুযায়ী, ইয়াজদের স্থাপনাটিই ইরানের একমাত্র কারখানা যেখানে মাটি থেকে উত্তোলিত কাঁচামালকে যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাত করে। পরবর্তীতে তা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়।
এই হামলার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছিলেন, ইরানে আইডিএফের হামলা আরও ‘বিস্তৃত ও জোরদার’ করা হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও দেশটির হেভি ওয়াটার প্ল্যান্ট ও ইয়েলোকেক উৎপাদন কেন্দ্রসহ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার খবর নিশ্চিত করেছে।
সূত্র: আল জাজিরা
এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের ইমেইল হ্যাক নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক হয়েছে। এফবিআইয়ের মুখপাত্র বেন উইলিয়ামসন তথ্যটি নিশ্চিত করে জানান, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য ঝুঁকি কমাতে তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছেন।
অবশ্য ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাকিংয়ের পেছনে ইরানের সংশ্লিষ্টতা আছে কিনা এমন প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন।
এর আগে ইরান-সম্পৃক্ত হ্যাকার গোষ্ঠী ‘হান্দালা হ্যাক টিম’ দাবি করে, তারা প্যাটেলের ব্যক্তিগত ইমেইলের নিয়ন্ত্রণ নিয়েছে। প্রমাণ স্বরূপ তারা প্যাটেলের ইমেইলে থাকা ডজনখানেক ইমেইল ও ছবি প্রকাশ করে।
শুক্রবার হান্দালা হ্যাক টিম এক বিবৃতিতে জানায়, প্যাটেল এখন ‘সফলভাবে হ্যাক হওয়া ব্যক্তিদের তালিকায়’ যুক্ত হয়েছেন।
গোষ্ঠীটি নিজেদের প্রো-প্যালেস্টাইন ‘ভিজিলান্ট’ বা ফিলিস্তিনপন্থী স্বেচ্ছাসেবী হ্যাকার হিসেবে পরিচয় দেয়।
এ বিষয়ে এফবিআই জানায়, ফাঁস হওয়া তথ্যগুলো মূলত অনেক পুরোনো এবং এতে কোনো সরকারি সংবেদনশীল তথ্য নেই।
সংস্থাটির দাবি, প্রকাশিত ইমেইলগুলোর মধ্যে কেবল প্যাটেলের ভ্রমণ ও ব্যবসায়িক যোগাযোগ সংক্রান্ত তথ্য রয়েছে। এছাড়া কিছু ছবিতে তাকে একটি পুরোনো স্পোর্টস কারের পাশে, মুখে সিগারেট নিয়ে এবং হাতে মদের বোতলসহ দেখা গেছে।
তবে হান্দালা হ্যাক টিমের দাবি, কেবল ক্যাশ প্যাটেলই নয়, যুক্তরাষ্ট্রভিত্তিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের মধ্যপ্রাচ্যভিত্তিক বহু কর্মীর ব্যক্তিগত তথ্যও তারা হ্যাকিংয়ের মাধ্যমে প্রকাশ করেছে। একই সঙ্গে, চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্ট্রাইকারের ওপর সাম্প্রতিক সাইবার হামলার দায়ও তারা স্বীকার করেছে।
পশ্চিমা গবেষকদের মতে, গোষ্ঠীটি ইরানের সাইবার গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তাদের দাবি, দক্ষিণ ইরানের মিনাব অঞ্চলে একটি স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় শিশু শিক্ষার্থীসহ ১৭০ জনের বেশি মানুষ নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই সাইবার আক্রমণ চালানো হয়েছে।
হান্দালা হ্যাক টিম জানিয়েছে, এই অভিযান ‘সাইবার যুদ্ধে নতুন অধ্যায়ের সূচনা’। একই সঙ্গে ইরানও ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পশ্চিমা অর্থনৈতিক স্বার্থের ওপর সাইবার হামলা আরও জোরদার করা হতে পারে।
সূত্র: আল জাজিরা
সৌদির বিমান ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত

সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেজে ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইরানের সঙ্গে চার সপ্তাহ ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি সদস্য।
এর আগে, শুক্রবার মার্কিন সামরিক বাহিনী জানায়, আহত ৩০০ জনের মধ্যে ২৭৩ জন এরইমধ্যে সুস্থ হয়ে ফের দায়িত্বে ফিরেছেন।


