সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা কমিয়ে জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে। রোববার আইনজীবী এবং আইনের শিক্ষার্থীসহ ১০ জনের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ রিট করেন।
রিটকারীরা হলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন, আবদুল্লাহ সাদিক, মো. মিজানুল হক, যায়েদ বিন আমজাদ, মোহাম্মদ শানেওয়াস, ছাব্বির রহমান, মাহমুদুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী শামীম শাহিদী, মো. রাফিউল সাব্বির ও হাবিবুর রহমান আল হাসান।
আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে চলতি বছরের ২৭ আগস্টে জারি করা পরিপত্র বাতিলের দাবি করা হয়েছে। আবেদনকারীদের বক্তব্য, ওই পরিপত্র বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এবং বাংলাদেশ বনাম আতাউর রহমান ও অন্যান্য মামলায় আপিল বিভাগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।
এর আগে, ২০২৫ সালের ২ মার্চ অনুরূপ একটি পরিপত্র জারি করা হলে হাইকোর্ট বিভাগ ওই বছরের ৬ মার্চ তার কার্যকারিতা স্থগিত করে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়। পরবর্তীতে ৯ মার্চ ওই পরিপত্রটি বাতিল করা হয়।
রিটে বলা হয়, আদালতের পূর্ববর্তী নির্দেশনা থাকার পরও নতুন পরিপত্র জারি করা বিচার বিভাগের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ এবং সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘিত হয়েছে। আবেদনে পরিপত্রটির কার্যকারিতা স্থগিত, তা আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা এবং পূর্ববর্তী নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়।


