সীমান্তের ওপারে কিংবা কলকাতায় গিয়ে বাঙালিদের জাতীয়তাবাদের সার্টিফিকেট নিতে হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ‘আমরা নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশি। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের একটি বিরাট অর্জন। যদি ১৪০ কোটি আর ২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে চান, তবে সার্কের ২২০ কোটি মানুষকেও ঐক্যবদ্ধ করতে হবে। আঞ্চলিকতার জন্য সার্ক এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘ-এভাবেই আমরা এগোতে চাই।’
শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘দেশ পুনর্গঠনে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের মূল উদ্যোক্তা সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে ও তমিজ উদ্দিন টিটুর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রাশেদ খান ও মোমিনুল আমিন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, জাতিগত সংকটে দেশকে ঐক্যবদ্ধ করতে তারেক রহমানের দেওয়া স্লোগানগুলো জুলাই আন্দোলনে শক্তি ও সাহস জুগিয়েছে, যার ফলশ্রুতিতে দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়েছে।
আগামী ৫ আগস্ট ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে বলে তিনি জানান।
প্রধান আলোচকের বক্তব্যে মাহবুব উল্লাহ বলেন, জাতীয় ঐক্যই আমাদের প্রধান হাতিয়ার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সামাজিক চুক্তির ধারণার মতোই জুলাই সনদের চর্চা হয়েছে। সবাইকে বসে আলোচনার মাধ্যমে এই জাতীয় সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে হবে।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নূর বলেন, জুলাই সনদ নিয়ে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে, সরকার গঠনের পর বিএনপি তা অক্ষরে অক্ষরে পালন করবে। তবে বাংলাদেশের প্রেক্ষিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা যুক্তিযুক্ত নয় বলে তিনি মন্তব্য করেন। বর্তমান বাজেটকে তিনি জনবান্ধব ও কল্যাণের বাজেট হিসেবে আখ্যা দেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জুলাই সনদে পরবর্তীতে একই দিনে গণভোটের বিষয়টি যুক্ত হয় এবং জনগণ এর পক্ষে রায় দেয়। বর্তমানে সংসদে আসন সংখ্যা বেশি থাকায় বিএনপি এসব সংস্কারের কাজ করতে পারে।
সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, বিএনপি জুলাই সনদের স্বাক্ষরিত অংশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, তিনি নির্বাচন বিলম্বিত করতে চেয়েছিলেন এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সালাহউদ্দিন আহমদের বুদ্ধিমত্তায় দেশ নির্বাচনী ট্রেনে চড়ে রাজনৈতিক সরকার পেয়েছে। বর্তমান বাজেটকে দেশের ইতিহাসে অন্যতম চমৎকার ও জনবান্ধব বাজেট বলে উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, ভারতের আগ্রাসন ও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা এই নতুন বাংলাদেশ মেনে নেবে না। জনগণের ম্যান্ডেট পাওয়া বর্তমান সরকারই জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করবে।
জহির উদ্দিন স্বপন, জুলাই সনদ বাস্তবায়ন, বাংলাদেশি জাতীয়তাবাদ, সার্ক ২২০ কোটি মানুষ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আমরা বাংলাদেশি সংগঠন, নূরুল হক নূর, শাহাদাত হোসেন সেলিম, ড. মাহবুব উল্লাহ, বাজেট ২০২৬


