চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় মো. মহিউদ্দিন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন ভাটিয়ারী স্টেশন রোডের পশ্চিম এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ব্যবসার পাশাপাশি ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় মহাসড়কে চলন্ত একটি ট্রাক হঠাৎ ব্রেক করে। এতে মহিউদ্দিনের মোটরসাইকেলের গতি কমে যায়। তখন পেছন থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সামনে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে মহিউদ্দিন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল রহমান জানান, ট্রাকের আকস্মিক ব্রেকের কারণে মোটরসাইকেলের গতি কমে যায় এবং পেছন থেকে মাইক্রোবাসটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


