ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে ভরাডুবির মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সিলেট বিভাগের একমাত্র প্রার্থী প্রীতম দাস। মোট বৈধ ভোটের মাত্র ১ দশমিক ৭৫ শতাংশ পেয়ে তিনি জামানত হারিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬১ হাজার ৬৯৬। এর মধ্যে প্রীতম দাস পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৬৩ ভোট।
নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট পাওয়া বাধ্যতামূলক। প্রীতম দাস প্রয়োজনীয় ভোটের ধারেকাছেও পৌঁছাতে পারেননি।
এ আসনে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শেখ নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।
শুধু এনসিপি প্রার্থীই নয়, এ আসনে আরও দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত আবুল হাসান (মই প্রতীক), ৯৮১ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত জরিপ হোসেন (লাঙ্গল প্রতীক), ৯২৪ ভোট।


