চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক বিজ্ঞপ্তিতে এই প্রত্যাহারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সদরঘাট থানার ওসি মুহাম্মদ আরিফুর রহমান, চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন এবং ডবলমুরিং থানার ওসি জামির হোসেন জিয়াকে প্রত্যাহার করে সিএমপির লাইনওয়ারে বদলি করা হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে তিন থানায় নতুন ওসি হিসেবে দায়িত্বও বন্টন করা হয়েছে।
যেখানে বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে সদরঘাট থানার ওসি, সিএমপির পুলিশ প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে চান্দগাঁও থানার ওসি এবং পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খাঁনকে ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত ওসিরা শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ৬ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিএমপির ১৬ থানায় ওসি পদে রদবদল করা হয়। শুক্রবার দায়িত্বপ্রাপ্ত থানায় যোগ দেন তারা।
তিনদিনের মধ্যে সেখান থেকে তিনজনকে প্রত্যাহার করায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন এসব বদলির কারণ জানেন না বলে জানিয়েছেন।
তিনি জানান, গণমাধ্যমে তিন থানার ওসি প্রত্যাহার করে নতুন করে তিনজনকে নিয়োগ দেওয়ার খবর দেখেছেন। তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তিনি জানেন না।


