ফরিদপুরের সালথা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উচমান (৬০), কবির শেখ (৪৫), মোরসালিন শেখ (২৮) ও হুমাই শেখ। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, জমি নিয়ে চাচা-ভাতিজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এদিন সকালে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


