সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা মহানগর ডিবির একটি টিম দুপুর দুইটার দিকে তাকে গ্রেপ্তার করে। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের শেরেবাংলা নগর থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি শপথ নিয়েছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আওয়ামী লীগের দলীয় ও তাদের দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২০২৪ সালের নির্বাচন করে ‘আমি-ডামি ভোট’ উপাধি পায় কাজী হাবিবুল আউয়াল কমিশন। ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল।

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়ার কথা জানানো হলেও এক ঘণ্টার ব্যবধানে ভোটের হার ৪০ শতাংশ বলে উল্লেখ করা হয়। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে ২৮ শতাংশ ভোট পড়ার কথা বলেন, পরে তা সংশোধন করে ৪০ শতাংশের কথা বলেন।

আরও পড়ুন

এসব কারণ দেখিয়ে রোববার (২২ জুন) সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এতে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চাপে পড়ে হাবিবুল আউয়াল কমিশন। নতুন সরকারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও তারা সাড়া পায়নি। পরে গণমাধ্যমে একটি খোলা চিঠি লেখেন সিইসি হাবিবুল আউয়াল। তাতেও সাড়া না মিললে ৫ সেপ্টেম্বর সিইসি-সহ অন্য কমিশনাররা পদত্যাগ করেন। এরপর থেকেই সিইসি হাবিবুল আউয়াল লোকচক্ষুর আড়ালে চলে যান। বুধবার তিনি গ্রেপ্তার হলেন।

এর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকেও গ্রেপ্তার করে পুলিশ। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর