সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত ১৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউখোলা বায়তুল আমান জামে মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, মাওলানা মো. মোহাব্বত আলী।
একইভাবে জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নেও পৃথক দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও আহলে হাদিসের একটি অংশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন। তবে জেলার অধিকাংশ এলাকায় চাঁদ দেখার ভিত্তিতে আগামীকাল ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে।
ঈদের নামাজ পড়তে আসা মসুল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন।
এ বিষয়ে মাওলানা মো. মহব্বত আলী জানান, প্রতিবছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সাতক্ষীরার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমরা বিশ্বাস করি, সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে একসঙ্গে ঈদ পালন করাই উত্তম। তিনি বলেন, পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা যায়।


