সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস
ভারী বৃষ্টিতে বাসার বাইরে বের হওয়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। ছবি: শামীম-উস-সালেহীন/ টাইমস
Advertisement
Advertisement

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকাল ৫টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন

আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই প্রেক্ষাপটে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারি বর্ষণের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad