মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত দুই শিক্ষক পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত দুই শিক্ষক পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণে নিয়োজিত যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এই সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা খুব শিগগিরই নির্ধারণ করা হবে।

বৈঠকের শুরুতে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বৈঠকে নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

এছাড়া, নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই কর্মসূচির বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন

সরকারের এই সিদ্ধান্তগুলো মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণে নিয়োজিত যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন এবং ১৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

এই ভয়াবহ ঘটনায় নিহত শিক্ষকরা ধ্বংসস্তূপে আটকে পড়া শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত দুই শিক্ষক হলেন মেহরিন চৌধুরী (৪৪) ও মাসুকা বেগম (৩৮)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad