জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়। শনিবার বিষয়টি জানাজানি হয়।
নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নিয়ে বর্তমান বিএনপি সরকার উৎখাতের পরিকল্পনা করার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চিঠিতে বলা হয়, গত ২৬ জুন ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামে একটি টেলিগ্রাম গ্রুপে ওই বৈঠক হয়। সেখানে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন কল্যাণাংশু নাহা। তিনি নিজের রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার রূপরেখা দেওয়ার পাশাপাশি বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনা ব্যক্ত করেন। এই কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধির পরিপন্থী। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে কথা বলতে কল্যাণাংশু নাহার ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।


