সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় থেকে ১৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই কর্মচারীদের বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় নিয়ম অনুযায়ী তাদের বরখাস্ত করা হয় বলে গত সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলামও রয়েছেন।
অন্যরা হলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী, আবু বেলাল।
অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব, তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান এবং মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হক।
সচিবালয় ভাতার দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন কর্মচারীরা। গত ১০ ডিসেম্বর সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে প্রায় ছয় ঘণ্টা তার দপ্তরে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরতরা।
দাবি পূরণে আশ্বাস দেওয়া হলেও তারা আন্দোলন চালিয়ে যান। এমনকি সরকারের তরফে সতর্ক করা হলেও কর্মসূচি স্থগিত করা হয়নি।
পরদিন আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মচারীদের আটক করে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।


