সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে কনকচাঁপা বললেন, ‘আলহামদুলিল্লাহ্‌’

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে কনকচাঁপা বললেন, ‘আলহামদুলিল্লাহ্‌’
Advertisement
Advertisement

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত জায়গা হলো না জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপার। মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

রোববার (২০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দেওয়া এক স্ট্যাটাসে কনকচাঁপা লেখেন, জীবনের প্রতিটি পরিস্থিতিতেই তিনি ‘আলহামদুলিল্লাহ’ বলেন এবং সবকিছুই আল্লাহর ফয়সালা হিসেবে মেনে নেন। তিনি উল্লেখ করেন, সরাসরি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেও মনোনয়ন না পেয়ে একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

পোস্টে তিনি আরও জানান, গ্রামীণ মানুষের চাহিদার কারণে সংরক্ষিত নারী আসনের প্রক্রিয়ায় আবারও যুক্ত হয়েছিলেন। তবে এবারও চূড়ান্ত তালিকায় নাম না থাকায় আল্লাহর ইচ্ছাকেই মেনে নিয়েছেন। তার ভাষায়, জীবনের পথ এখানেই শেষ নয়—এর মধ্যেও নিশ্চয়ই কোনো মঙ্গল রয়েছে।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কনকচাঁপা বলেন, তারা যেভাবে পাশে ছিলেন, ভবিষ্যতেও সেই সমর্থন পাবেন বলে আশা করেন। নিজেকে সাদামাটা মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দল হয়তো তাকে ভিন্নভাবে মূল্যায়ন করেছে, তবে দেশের জন্য তার দেওয়ার এখনও অনেক কিছু বাকি।

দেশের জন্য কাজ করার অঙ্গীকার জানিয়ে এই কণ্ঠশিল্পী বলেন, তিনি সবসময় দেশ ও মানুষের পাশে থাকতে চান। শেষ পর্যন্ত কিছু না পারলেও দেশের মাটির সঙ্গে মিশে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন কনকচাঁপা। তবে চূড়ান্ত তালিকায় নাম না থাকায় নিজের অবস্থান ও অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর