ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও পূর্ব ঘোষণা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার সকালে শপথ অনুষ্ঠানের আগেই বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার–১ আসন থেকে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এই বিষয়টি সংবিধানের অন্তর্ভূক্তও নয়। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে সংস্কার পরিষদ গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।’
দলের চেয়ারম্যান তারেক রহমান এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও এ সময় জানান তিনি। আর তার পক্ষ থেকেই এই ঘোষণা দেন।
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। সরকারের তরফে বলা হয়েছিল, নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।
সে অনুযায়ী পস্তুতিও ছিল।
তবে বিএনপি শপথ শুরুর আগেই স্পষ্ট করে দিল যে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপাতত শপথ নিচ্ছে না। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে ব্যাখ্যাও দেওয়া হয়েছে।


