গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে শাহেদা আহমেদ (৫০) নামে এক অধ্যক্ষ নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে কর্মরত ছিলেন। নিহতের স্বামী গাজীপুর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানিয়েছেন, শাহেদা আহমেদ পরিবারের সাথে ঈদ করতে ছুটিতে জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামের বাড়িতে যান। গত বুধবার রান্না করতে গিয়ে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি দগ্ধ হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শাহিদা আহমেদকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, এ বিষয়ে থানার কেউ এখনও জানেন না। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।


