ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে টাইমস অব বাংলাদেশের ফটোসাংবাদিক জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের উপর সাউন্ডগ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকার সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।
মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে একমাস আগেই ‘শান্তিচুক্তি’ করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে ঠিক একমাসের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন দুই কলেজের শিক্ষার্থীরা।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ উঠে। মূলত এর জের ধরেই সংঘর্ষ শুরু হয়।
পরে ওসি দুপুর ১২ টার দিকে বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠানো হয়েছে। আর আইডিয়াল কলেজ কলাবাগান থানা এলাকার আওতাধীন। সেখানকার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’

কলাবাগান থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসিলাম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘প্রথমে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে, সাইন্সল্যাবে ঢাকা কলেজের বাস আটকে তাতে ভাঙচুর চালায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তারই রেশ ধরে ঢাকা কলেজ শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।’

গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মৌখিক ‘শান্তিচুক্তি’ ও সংঘর্ষে না জড়ানোর প্রতিজ্ঞা করলেও গত ২ ডিসেম্বর ফের হাতাহাতিতে জড়ায়।
সেদিন একই বাসে করে যাওয়ার সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি বড় আকার ধারণ করলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে এগিয়ে আসে। এ সময়, ঢাকা কলেজের সামনের উত্তরা ব্যাংকের সামনে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।


