মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে কী স্ট্যাটাসে আছেন, তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘বাংলাদেশ সরকার এরইমধ্যে ভারত সরকারের কাছে তাকে প্রত্যর্পণের জন্য আবেদন করেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে বলে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘কোনো সংবাদপত্র কী কারণে কী লিখেছে, তার ভিত্তিতে মন্তব্য করা ঠিক হবে না।’
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে শুধু আদালতের অনুমতির প্রয়োজনের কথা বলা হয়েছে। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন, এটা কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না।’
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না অথবা ঠিক কোন ধরনের অনুমতির আওতায় সেখানে অবস্থান করছেন, সে বিষয়টিও এখন পর্যন্ত তাদের কাছে পরিষ্কার নয়। ফলে ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আদালতের অনুমতি বলতে কী বোঝানো হয়েছে, সে বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে এখন পর্যন্ত সরকারের পদক্ষেপ হিসেবে ভারত সরকারের কাছে করা প্রত্যর্পণ আবেদন ও আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেন চিফ প্রসিকিউটর।


