শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ইউনেসকোর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং শিক্ষা প্রধান নরিহিদে ফুরুকাওয়া উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাহদী আমিন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও এ সংক্রান্ত কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ বিষয়ে ইউনেসকোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
আলোচনায় বর্তমান সরকারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পায়।
সরকারের পরিকল্পিত ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে ইউনেসকো প্রতিনিধিরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন এবং এ বিষয়ে বৈশ্বিক গাইডলাইন নিয়ে মতবিনিময় করেন।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, জুতা এবং পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়। দ্রুতই এই উপহার সামগ্রী বিতরণের পাইলট কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিনিধিদল বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যখাতে পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


