আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারি এলাকায় অভিযান চালায়। এ সময় পলিথিনে মোড়ানো অবস্থায় যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে।
অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনের পাঁচটি উপজেলায় মোট ১৯ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী যাতে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য এনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


