লাখ টাকা চাঁদা না দেওয়ায় কৃষকের গাজর লুট, গ্রেপ্তার ২

লাখ টাকা চাঁদা না দেওয়ায় কৃষকের গাজর লুট, গ্রেপ্তার ২
গাজর লুটের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাবনায় এক লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে এক কৃষকের জমি থেকে প্রায় পাঁচ লাখ টাকার গাজর লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, রোববার বিকালে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা আশিস হোসেন (৩০) এবং একই এলাকার পলাশ হোসেন (২৯)।

তারা স্থানীয় যুবদলের কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেলেও তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গত শুক্রবার রাতে দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে জমি থেকে গাজর লুটের বিষয়ে মামলা করেন উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ভুক্তভোগী কৃষক শরিফুল ইসলাম (৪১)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

আরও পড়ুন

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক শরিফুর বছরভিত্তিক চুক্তিতে জমি লিজ নিয়ে পাকশী ইউনিয়নের বেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন আওয়ামী লীগ নেতা হাবিবুল ইসলাম হব্বুল চেয়ারম্যানের দেড় বিঘা জমি এবং পাকশী পেপার মিলস কলোনির চরকি গেটের পশ্চিম পাশে স্বপনের দুই বিঘা জমিতে গাজর চাষ করে আসছেন।

অভিযুক্তরা সম্প্রতি কৃষক শরিফুলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন। ভয়ে শরিফুল প্রথমে ২৫ হাজার টাকা দেন। কিন্তু পরবর্তীতে অবশিষ্ট টাকা না দেওয়ায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।

এক পর্যায়ে অভিযুক্তরা গত ৩ ফেব্রুয়ারি রাতে বেলতলা এলাকার দেড় বিঘা জমি থেকে প্রায় ৩০০ মণ গাজর লুট করে করেন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এরপর তারা গত ১৭ ফেব্রুয়ারি রাতে পাকশী পেপার মিলস কলোনির ২ বিঘা জমি থেকে আরও প্রায় ৩৫০ মণ গাঁজর লুট করেন। যার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

শরিফুল ইসলাম বলেন, ‘মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে গাজর চাষ করেছিলাম। কিন্তু সেসব টাকা পরিশোধ হওয়ার আগেই চাঁদা দাবি করে আমার সব ফসল লুট করে নিয়েছে। আমি দরিদ্র কৃষক। এসবের ক্ষতিপূরণ দিতে হবে।’

‎তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে প্রশাসন ও দলীয় নেতাদের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলনও করা হয়েছে। পরে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। যেসব লোক জড়িত এবং যাদের আটক করা হয়েছে তাদের কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। যদি তারা পার পেয়ে যায় তাহলে অপকর্ম করেই বেড়াবে।’

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘মামলার আসামিরা পলাতক ছিলেন। তাদের দুজনকে আটক করা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad