জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি গঠন করেছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক করে ১৬ সদস্যের এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সার্বিক কার্যক্রমের সমন্বয় ব্যবস্থাপনা ও প্রত্যাবাসনসহ সব কার্যক্রমে সমন্বয় করা হবে।
এই কমিটি প্রত্যাবাসন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স ও ভাষানচরে স্থানান্তরের লক্ষ্যে গঠিত জাতীয় এক্সিকিউটিভ কমিটির কার্যক্রম এবং নিরাপত্তা দেওয়াসহ রোহিঙ্গা নাগরিকদের বিষয়ে সব কার্যক্রম, পর্যবেক্ষণ, মূল্যায়ন নিরীক্ষণ এবং পরামর্শ দেওয়া নিশ্চিত করবে।
কার্যবিধিতে আরও বলা হয়, প্রতি তিন মাসে কমিটি কমপক্ষে একটি করে সভা এবং প্রয়োজন অনুসারে যেকোনো সময় সভার আয়োজন করবে। কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।


