খুলনার রূপসা উপজেলায় প্রতিপক্ষের হামলায় হাসান (৬৩) ওরফে বিহারী হাসান নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রূপসার জাবুসা গ্রামের চৌরাস্তা মোড়ে হাসানের ওপর রাশেদ শেখসহ চার থেকে পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথে বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, সম্প্রতি হাসানের বাড়িতে ভ্যানে করে কয়েকজন অতিথি এসেছিলেন। কিছুক্ষণ পর ভ্যানটি চুরি হয়ে গেলে ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই এলাকার রাশেদ শেখের নাম উল্লেখ করেছিলেন হাসান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনাকে কেন্দ্র করেই হামলা করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।


