সংস্কার নিয়ে টালবাহানা করলে রাজপথে দখলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, ‘যদি টেবিলের আলোচনায় সংস্কার বাস্তবায়ন করা না হয় তাহলে রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে। যদি সংস্কার নিয়ে কোনও টালবাহানা করা হয়, যদি সংস্কারকে কার্যকর করা না হয় তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে।’
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউটে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তি আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শুধুমাত্র জেন্টলম্যান এগ্রিমেন্ট দিয়ে সংস্কারকে কার্যকর করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। যে পন্থায় সম্ভব সেই পন্থাতেই জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করে এর ভিত্তিতে সামনের নির্বাচন আয়োজন করতে হবে।’
জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তার কথা তুলে আখতার বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার সাধনের জন্য অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। জাতীয় ঐকমত্য কমিশন অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে।’
সংস্কার বাস্তবায়নের নিশ্চয়তা আহ্বান করে আখতার বলেন, ‘আমাদের এত মানুষের জীবনের ভেতর দিয়ে যে সংস্কার প্রস্তাবনাগুলো গৃহীত হলো সেই সংস্কার প্রস্তাবনাগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের শাহাদাতের এক বছরের প্রচেষ্টা, দীর্ঘদিনের প্রতীক্ষা সবকিছু ম্লান হয়ে যাবে। অতএব আমরা আহ্বান রাখছি টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে।’


