রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৯ জন প্রার্থী।
তার মধ্যে ছয়টি ছাত্রী হলের ৩৬ জন এবং একটি ছাত্র হলের তিন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে জানান রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সেতাউর রহমান।
সোমবার রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিষয়ে তিনি জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয়-২৪ হলে তিনজন, মন্নুজান হলে একজন, রোকেয়া হলে ছয়জন, তাপসী রাবেয়া হলে তিনজন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে নয়জন এবং জুলাই-৩৬ হলে সাতজন রয়েছেন।
এছাড়া বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদ এবং রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদের জন্য কেউ মনোনয়নপত্র না নেওয়ায় পদগুলো ফাঁকা থাকবে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়াই হল সংসদ চলবে। অন্য কোনোভাবে সেগুলো পূরণ করার সুযোগ নেই।’
আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এবারের রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৪৮ জন, সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি আবাসিক হলে ৫৯৭ জন প্রার্থী রয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হলভিত্তিক প্রতিদ্বন্দ্বিতায় ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন এবং এজিএস পদে ৫৭ জন রয়েছেন। ছাত্রীদের ছয়টি হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদে ১৬ জন এবং এজিএস পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ এবং নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন।


