রংপুরে খাদ্য বিভাগের উপপরিদর্শক পরীক্ষায় প্রক্সি দিতে যাওয়ায় গোলাম রব্বানী নামে জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী।
দন্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের টিওরমারী গ্রামে। তিনি ওই কেন্দ্রে রাহাদুজ্জামান সুজন নামে এক পরীক্ষার্থীর সঙ্গে মোট অংকের টাকার কনট্রাক্টে প্রক্সি পরীক্ষা দিতে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে। তিনি খ্যাদ্য বিভাগের আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
রংপুরে ৪৬টি কেন্দ্রে ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর জন্য সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খাদ্য অধিদপ্তরের চতুর্থ পর্যায়ের উপপরিদর্শক পদে পরীক্ষা অুনষ্ঠিত হয়েছে।


