রংপুরে আলাদা দুটি স্থানে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রংপুর মহানগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদী এবং পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দুপুরে নগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিহাব রংপুর নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার মুকুট মিয়ার ছেলে।
এদিকে, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, দুপুরে পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় দুই শিশু। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।
মৃত শিশুরা হলো ওই এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।


