দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযানে গত আট দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পাঁচটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বল হয়, গত ১১ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করেছে।
এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, চোর, প্রতারক, কিশোর গ্যাং এর সদস্য এবং মাদকাসক্তসহ মোট ২৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি অবৈধ আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগজিন, ১০ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশি অস্ত্র, মাদকদ্রব্য, জাল এনআইডি, ক্যাপ্টেন পদমর্যাদার আইডি কার্ড, জাল ক্রেডিট ও ডেবিট কার্ড, রুপা, মোবাইল ফোনসহ বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।


