সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি আলোচনার পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বৈঠক শেষে তেহরানের পক্ষ থেকে জানানো হয়, তারা তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে ছাড় পেয়েছে। এতে বৈশ্বিক বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কিছুটা কমেছে।
সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৫৬ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৩ ডলার বা ১ দশমিক ৯০ শতাংশ কমে ৭৯ দশমিক ০৪ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে লেনদেনের সময় দাম উঠেছিল ৮২ দশমিক ৩০ ডলার পর্যন্ত।
আলোচনার শুরুতে অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরুর হুমকি এবং তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি আবার বন্ধের ঘোষণা বাজারে উদ্বেগ বাড়িয়েছিল।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম ব্যারেলপ্রতি ৭ সেন্ট কমে ৭৬ দশমিক ৫৩ ডলারে দাঁড়ায়। তবে সোমবারই ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া আগস্টের চুক্তির দাম ৫৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭৫ দশমিক ৩০ ডলারে নামে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজারে ছুটির কারণে কোনো নিষ্পত্তি মূল্য নির্ধারিত হয়নি।
মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সোমবার সুইজারল্যান্ডে প্রথম দফার আলোচনা শেষ করেছেন। গত সপ্তাহে হওয়া একটি সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী রোববার এ আলোচনা শুরু হয়। ওই সমঝোতার লক্ষ্য ছিল এপ্রিলের ভঙ্গুর যুদ্ধবিরতি আরও অন্তত ৬০ দিন বাড়ানো।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তার দেশ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ছাড়, কিছু জব্দ সম্পদ ছাড় এবং ইরানের জন্য পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা শুরুর নিশ্চয়তা পেয়েছে।
আইজি বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে মনে হচ্ছে। দুই পক্ষই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনে সম্মত হয়েছে।
তিনি বলেন, ‘এসব পদক্ষেপ বাস্তবে কতটা ফল দেবে, তা এখনো দেখার বিষয়। বিশেষ করে দক্ষিণ লেবাননে, যেখানে ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই নিজেদের সংঘাত চালিয়ে যেতে আগ্রহী বলে মনে হচ্ছে।’
আলোচনার আগে রোববার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা হঠাৎ তীব্রভাবে কমে যায়। বিভিন্ন আন্তর্জাতিক নৌপরিবহন তথ্য থেকে ধারণা করা হচ্ছে, ইরান ওই জলপথ আবার বন্ধের ঘোষণা দেওয়ার পর এ পরিস্থিতি তৈরি হয়।
তেহরানের দাবি, অন্তর্বর্তী শান্তিচুক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লঙ্ঘন করেছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, শনিবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হন। এর এক দিন আগে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কয়েক মাসের ক্রমবর্ধমান সহিংসতা থামানোই ছিল ওই যুদ্ধবিরতির লক্ষ্য।
আইএনজি বিশ্লেষকেরা এক নোটে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে, তেহরান-ওয়াশিংটন আরও স্থায়ী চুক্তির দিকে এগোনো কঠিন হবে। ৬০ দিনের যুদ্ধবিরতির মধ্যেও দুই পক্ষের মধ্যে আবার সংঘাত ছড়িয়ে পড়তে পারে, সে ঝুঁকি খুবই বাস্তব।
পারস্য উপসাগরের ভেতরে আটকে থাকা কার্গো ছাড়ার মাধ্যমে সরবরাহ বাড়ার আশা এবং যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির অংশ হিসেবে ইরানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনায় বাজারে গত সপ্তাহে তেলের দাম আট শতাংশ পর্যন্ত কমে।
ইরানের জাতীয় তেল কোম্পানির প্রধান হামিদ বোভার্ড রোববার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘সোমবার থেকে দুই কোটি ৫০ লাখ ব্যারেলের বেশি ইরানি তেল ভার্চুয়াল অবরোধরেখা অতিক্রম করেছে।’
সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক গত সপ্তাহে ক্রেতাদের আরও তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। ইরাকের উজান খাতবিষয়ক উপতেলমন্ত্রী রোববার এক বিবৃতিতে বলেন, ‘দেশটি ধাপে ধাপে অপরিশোধিত তেলের উৎপাদন দৈনিক ৪২ লাখ থেকে ৪৩ লাখ ব্যারেলের মধ্যে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।’


