যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে একটি চিঠি পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সরকার, জনগণ এবং তার নিজের পক্ষ থেকে মার্কিন জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তার চিঠিতে আশা প্রকাশ করেন, ডোনাল্ড ট্রাম্পের বাস্তবমুখী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতে আরও মহিমান্বিত অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে।
তিনি উল্লেখ করেন, ‘আমেরিকা ২৫০’ উদ্যোগ বিশ্বজুড়ে মানুষকে ‘আমেরিকান ড্রিম’, স্বাধীনতা, মূল্যবোধ এবং বিশ্বশান্তিতে আমেরিকার অবদান থেকে অনুপ্রেরণা লাভের সুযোগ করে দিচ্ছে।
স্বাধীনতার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় এক বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যকার যোগাযোগের মাধ্যমে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারত্বে উন্নীত হয়েছে।
বিশেষ করে চলতি বছরের শুরু থেকেই বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিঠির শেষাংশে প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দুই দেশের অংশীদারত্ব আরও সুদৃঢ় ও গভীর করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মার্কিন জনগণের দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


